সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়েই শেষ করতে চায় বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচকে সামনে রেখে জয় দিয়েই মিশন শেষ করার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ‘হামজা-যুগে’ যাত্রা শুরু করা লাল-সবুজের প্রতিনিধিরা মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুরের কালাং জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে।
ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় অবস্থানে রয়েছে দলটি। শীর্ষে থাকা সিঙ্গাপুরের সংগ্রহ ১১ পয়েন্ট, দ্বিতীয় স্থানে হংকংয়ের ৮ পয়েন্ট এবং ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত। শেষ ম্যাচে জয় পেলে টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের।
যদিও মূল পর্বে খেলার স্বপ্ন আগেই ভেঙে গেছে, তবু শেষ ম্যাচটি জয়ের মধ্য দিয়ে ইতিবাচক সমাপ্তি টানতে চায় কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে প্রতিপক্ষ সিঙ্গাপুর ইতোমধ্যেই মূল পর্বে খেলা নিশ্চিত করা শক্তিশালী দল, তাই তাদের মাঠে ম্যাচটি সহজ হবে না।
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে কঠিন পরীক্ষা দিয়ে এসেছে বাংলাদেশ। গত ২৬ মার্চ ফিফা র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারলেও পারফরম্যান্সে আশার আলো দেখিয়েছে দলটি। র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যাশা রয়েছে।
গত বছরের জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ, যা ছিল দেওয়ান হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ। এবার প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দলটি। যদিও এখন পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের।
এই ম্যাচে কার্ডজনিত কারণে খেলতে পারবেন না রাকিব হোসেন ও তপু বর্মণ, যা দলের জন্য বড় ধাক্কা। তবুও আত্মবিশ্বাসী কোচ কাবরেরা। তিনি মনে করেন, ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে দলটি নিজেদের সামর্থ্যের পরীক্ষা দিয়েছে।
সেটপিসে দুর্বলতা কাটিয়ে ওঠার দিকেও বিশেষ নজর দিচ্ছে বাংলাদেশ দল। সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, দলটি জয় ও পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চায়। সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সমর্থনও দলকে অনুপ্রাণিত করছে।
মিডফিল্ডার শমিত সোম জানিয়েছেন, দলের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে। আর অধিনায়ক জামাল ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়েছেন, সম্মিলিত প্রচেষ্টায় সেরা পারফরম্যান্স উপহার দেবে বাংলাদেশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে