যুব সাফের সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
রোববার (১১ মে) গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে সহজ এ জয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেন নাজমুল হুদা ফয়সালরা। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল তারা।
গ্রুপ পর্বে দুই ম্যাচে বাংলাদেশের অর্জন চার পয়েন্ট।
ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দাপট দেখান বাংলাদেশের যুবারা। ১৩ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ফরোয়ার্ড মুর্শেদ আলী। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুমন। ২৭ মিনিটে মুর্শেদের ক্রস প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে বল বাগে পেয়ে সুযোগ কাজে লাগান এই ফুটবলার।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু কিছুতেই আর গোল আসছিল না। পরে অতিরিক্ত সময়ে স্কোর লাইন ৩-০ করেন লাল-সবুজের অধিনায়ক ফয়সাল।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলছে বাংলাদেশ। এজন্য সেমিফাইনালের বাধা পেরিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিতে হবে তাদের।
সেমিফাইনাল নিশ্চিতের পর বাংলাদেশ যুব দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু আমরা মালদ্বীপের সঙ্গে দুর্ভাগ্যবশত ড্র করেছিলাম। ছেলেরা তাদের শতভাগ দিয়ে তিন পয়েন্ট অর্জন করেছেন। আমার বিশ্বাস ছিল যে, আসলেই এটি করতে পারবেন তারা। ছেলেরা তাদের দেশপ্রেম থেকে খেলে ৯০ মিনিট পর খেলায় জয়লাভ করেন’।
সেমিফাইনালের আগে ‘বি’ গ্রুপের ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। কোচ ছোটন বলেন, ‘এখন আমরা ভারত, নেপাল ও শ্রীলংকার ওই গ্রুপের ম্যাচগুলো আমরা দেখব। যে টিম আসবে, সেই অনুসারে পরিকল্পনা নির্ধারণ করব’।
এর আগে কোচ ছোটনের অধীনে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ শিরোপা জয়ের সফলতা পেয়েছে। এবার যুবাদের হয়ে তার সফল হওয়ার চ্যালেঞ্জ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে