Views Bangladesh Logo

বিশ্বে প্রবাসী আয়প্রাপ্তিতে সপ্তমে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

এবারও (২০২৩ সাল) প্রবাসী আয়প্রাপ্তিতে বিশ্বের নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে থাকবে বাংলাদেশ। বিশ্ব ব্যাংকের মতে, দেশের প্রবাসী আয়ে এখন সাত শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। এ বছরের শেষে বাংলাদেশের মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২৩ বিলিয়ন বা দুই হাজার ৩০০ কোটি ডলার।

উল্লেখ্য, প্রবাসী আয়ে অতিরিক্ত প্রণোদনা দেওয়ায় চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে নভেম্বর সময়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আয় পাঠানো বেড়ে যায়।

এদিকে, এই তালিকায় সবার ওপরে থাকবে ভারত। কারণ চলতি বছর দেশটির প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ১২৫ বিলিয়ন বা ১২ হাজার ৫০০ কোটি ডলার।

এ ব্যাপারে নোমাড ও বিশ্বব্যাংকের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি অর্জন হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তাবলি পালনের কারণে দেশটির অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আস্থা ফেরায় প্রবাসী আয়ে প্রবৃদ্ধি অর্জিত হবে। এ ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের শ্রমবাজারে চাঙাভাব এবং উচ্চ আয়ের দেশগুলোতে মূল্যস্ফীতি কমার কারণে প্রবাসী আয়ের পরিমাণ বাড়বে। তবে সৌদি আরব ও কুয়েতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রীতিমতো ধস নামায় বাংলাদেশের প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১৯ দশমিক ৯২ বিলিয়ন বা এক হাজার ৯৯২ কোটি ৫৭ লাখ ডলার। ফলে বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস অনুযায়ী ২০২৩ সালের শেষে প্রবাসী আয় বেড়ে ২৩ বিলিয়ন ডলারে পৌঁছানোর বিষয়টি কঠিন বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে বিশ্বব্যাপী রেমিট্যান্স প্রবাহ বেড়ে ৬৩০ বিলিয়ন ডলার পৌঁছায়। তবে দক্ষিণ এশিয়ায় এই প্রবাহ কমে ৪ দশমিক ৪ শতাংশ হয়। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৪ দশমিক ২ শতাংশ বাড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ