দুদিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু
দুদিন বন্ধ থাকার পর সোমবার (৩০ জুন) থেকে পুনরায় চালু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর বন্দর কার্যক্রম আবার শুরু হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কার্যক্রম বন্ধ রাখার অবস্থান থেকে সরে এসে সোমবার সকালে কাজে ফেরেন বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে বন্দরে আটকে থাকা সব ট্রাক তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দিতে শুরু করেছে।
বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান জানান, পুরোপুরি কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। পাশাপাশি সিঅ্যান্ডএফ এজেন্ট এবং পরিবহন সংশ্লিষ্টরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। আজ সকাল থেকেই শ্রমিকরা পুনরায় কাজে যোগ দিয়েছেন।
বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এনবিআর কর্মকর্তারা কর্মবিরতিতে যাওয়ায় দুদিন বন্দর কার্যক্রম বন্ধ ছিল। এ সময় আমদানি পণ্যবাহী ট্রাকগুলো এলেও ছাড়ের অভাবে সেগুলো আটকে ছিল। গতকাল রাতের শেষ দিকে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়েছে।
মতামত দিন