বাংলা কিউআরে লেনদেনের চার্জ শূন্য
ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে বাংলা কিউআর কোডের মাধ্যমে সব ধরনের লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনদেনে ইস্যুকারী প্রতিষ্ঠানকে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সেবা মাশুল নিতে হবে না।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করেছে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) নতুন নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, দেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোর লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক সব লেনদেনে আইআরএফের হার শূন্য নির্ধারণ করা হয়েছে। ফলে কোনো বাংলা কিউআর লেনদেন সম্পন্ন হলে ইস্যুকারী প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে এ বাবদ কোনো অর্থ বা সেবা মাশুল পাবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের জারি করা সার্কুলারে বাংলা কিউআর লেনদেনসংক্রান্ত যেসব নির্দেশনা ছিল, সেগুলো নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে।
এ ছাড়া চলতি বছরের ১ জুলাই পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা সার্কুলার লেটার নম্বর-০৫-এর সংশ্লিষ্ট নির্দেশনাগুলোও ১ অক্টোবর থেকে বাতিল হয়ে যাবে। তবে ওই সার্কুলার ও আগের নির্দেশনাগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এর আগে, ১ জুলাই থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করে বাংলাদেশ ব্যাংক। একটি বাংলা কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করা যায়। ফলে দেশজুড়ে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে বাংলা কিউআরকে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে দেখা হচ্ছে।
নতুন সিদ্ধান্তের ফলে বাংলা কিউআর ব্যবহারের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনজনিত খরচ কমবে। এতে ব্যবসায়ী ও গ্রাহক—দুই পর্যায়েই কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন