বাংলা কিউআর ব্যবহারে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০০ কোটি টাকার তহবিল: গভর্নর
বাংলা কিউআর ব্যবহারে ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহিত করতে ১০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন হলে তহবিলের আকার আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শনিবার চট্টগ্রামের একটি হোটেলে বাংলা কিউআর লেনদেনবিষয়ক কর্মশালায় তিনি জানান, বর্তমানে দেশে মাসে প্রায় এক কোটি ডিজিটাল লেনদেন হচ্ছে। চলতি অর্থবছরের শেষে প্রতিদিন এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বাংলা কিউআরে ৭ লাখ ২৩ হাজারের বেশি লেনদেন হলেও জুলাইয়ে তা বেড়ে ৬২ লাখ ৫৪ হাজারের বেশি হয়েছে। একই সময়ে লেনদেনের পরিমাণ ২১২ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৪৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এদিকে মে মাসে বাংলা কিউআর মার্চেন্টের সংখ্যা ছিল ১৩ লাখ ৫২ হাজার। জুলাইয়ে তা বেড়ে ২৪ লাখ ২৫ হাজারে পৌঁছেছে। অর্থাৎ তিন মাসে মার্চেন্ট বেড়েছে প্রায় ৭৯ শতাংশ।
গভর্নর বলেন, দেশে এখনো প্রায় ছয় কোটি মানুষ বাটন ফোন ব্যবহার করেন। তাদের ডিজিটাল লেনদেনের আওতায় আনতে স্বল্পমূল্যে অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগ তৈরির বিষয়েও কাজ চলছে।
কর্মশালায় বলা হয়, দেশে নগদ অর্থ ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে এই ব্যয় কমানোর পাশাপাশি ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বাড়ানো সম্ভব।
বাংলা কিউআরকে আরও বিস্তৃত করতে সিটি করপোরেশন ও পৌরসভায় মার্চেন্ট লাইসেন্সের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনে প্রতারণার ঝুঁকি এড়াতে পিন, ওটিপি ও ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, আইএফসি ও বিভিন্ন পর্যায়ের প্রায় ১২০ জন মার্চেন্ট অংশ নেন।
মতামত দিন