Views Bangladesh Logo

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে এবং বিশ্বজুড়ে নতুন আলো ছড়াবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে একুশে পদক ২০২৬ প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী জ্ঞান-বিজ্ঞান, শিল্প ও সাহিত্যচর্চাকে আরও শানিত ও বিকশিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ লক্ষ্যে সরকার সব ধরনের সহায়তা দেবে। তিনি একুশে পদকের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথম এ পদক প্রবর্তন করেন।

তিনি উল্লেখ করেন, একুশে পদক শুধু একটি সম্মাননা নয়; এর মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের ঐতিহাসিক ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে জীবন্ত হয়ে ওঠে। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও গবেষণায় অবদান রাখা গুণীজনদের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ স্থাপন করাও এ রাষ্ট্রীয় স্বীকৃতির অন্যতম উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।

ফেব্রুয়ারি মাসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের প্রতীক এবং সংস্কৃতিচেতনার প্রাণপ্রবাহ। এটি যেমন মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, তেমনি অধিকার আদায়ের এক ঐতিহাসিক আন্দোলন। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সুশাসন ও উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্যকে রাজনীতিকীকরণ কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। তিনি জানান, জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় দেশকে এগিয়ে নিতে এবং নৈতিক মানসম্পন্ন উদার রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে।

গুণীজনদের কর্মময় জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ