Views Bangladesh Logo

নবনির্বাচিত রাষ্ট্রপতির জন্য পুরোপুরি প্রস্তুত বঙ্গভবন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত বঙ্গভবনের দরবার হল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। এ উপলক্ষে বঙ্গভবনে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করবে। বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের পর শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

ভোট গণনা শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করেন। পরে বৃহস্পতিবার রাতেই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মোহাম্মদ সাহাবুদ্দিন গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। দীর্ঘ ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থী থাকায় আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ