প্রায় একদিন পর ছরোয়ারকে গ্রেপ্তার দেখালো ডিএমপি
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত মঙ্গলবার রাতে জিডির সূত্র ধরে তাকে আটক করে। পরে একই ঘটনায় হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় বুধবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। রাত ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের অভিযোগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি সাইবারসংক্রান্ত হওয়ায় তদন্তভার দেওয়া হয় ডিবির সাইবার ইউনিটকে। তদন্তের অংশ হিসেবে মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। পরে মামলাটি রুজু হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ডিবি জানায়, আটক ব্যক্তির মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আটকের আগে ছরওয়ারে আলম পুলিশকে জানান—কয়েক দিন আগে বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার নাম ব্যবহার করে তার কাছে একটি ই-মেইল আসে। ই-মেইলটি খোলার পর কোনো তথ্য না পাওয়ায় তিনি সেটি মুছে ফেলেন এবং এর একটি স্ক্রিনশট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠান। ডিবির ধারণা, এটি একটি ফিশিং ই-মেইল হতে পারে, যার মাধ্যমে তার ই-মেইল অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত তার ডিভাইসে হ্যাকিংয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
গত ৩১ জানুয়ারি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে নারী নেতৃত্ব ও কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে