দেখা মিললো বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর
নিজ হাতে গুলি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল সিলেটের এস এইচ এম বি নূর চৌধুরী। সাম্প্রতিক সময়ে কানাডায় দেখা মিলেছে তার।
শুক্রবার (১৭ নভেম্বর) রাতে কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে তাকে দেখা যায়। সিবিসির অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’-এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামে ৪২ মিনিটের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে। সেই প্রতিবেদনে প্রথমবারের মতো আত্মগোপনে থাকা নূর চৌধুরীর দেখা পাওয়া যায়।
প্রতিবেদনে দেখা যায়, কানাডার টরন্টোর নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে নূর চৌধুরী হাঁটাহাটি করছেন। পরে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন প্রতিবেদক। গাড়ি পার্কিং করে কথা বলার আভাস দিলেও কৌশল করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান তিনি।
এদিকে, ২০২২ সালের নভেম্বরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস সাক্ষাৎ করেন। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, কানাডার আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া সম্ভব নয় বলে লিলি নিকোলস জানিয়েছেন। তবে তিনি কানাডাকে বিকল্প পন্থা বের করা যায় কি না, সে বিষয়ে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুকে গুলি করে হত্যার পর কূটনীতিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন নূর চৌধুরী। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে তিনি পালিয়ে প্রথমে আমেরিকা, পরে কানাডায় ঢোকেন দর্শনার্থী হিসেবে। কানাডা মৃত্যুদণ্ড সমর্থন না করায় সেখানেই নিশ্চিন্তে বসবাস করছেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে