৯ দিন পর খুলে দেওয়া হলো বান্দরবানের পর্যটনকেন্দ্র, বন্ধ থাকছে শুধু দেবতাখুম
টানা নয় দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বান্দরবানের অধিকাংশ পর্যটনকেন্দ্র। তবে নিরাপত্তার স্বার্থে রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও পাহাড়ধসের ঝুঁকির কারণে জননিরাপত্তার কথা বিবেচনা করে গত ৭ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে রুমা ও থানচি উপজেলার অনুমোদিত পর্যটনকেন্দ্রগুলোতে আগের নিয়ম অনুযায়ী ভ্রমণ করা যাবে। তবে ভ্রমণের জন্য প্রশাসনের পূর্বানুমতি নিতে হবে এবং নিবন্ধিত ট্যুর গাইড সঙ্গে রাখা বাধ্যতামূলক।
জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যার সময় ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে রুমা ও থানচির দুর্গম এলাকায় ২০৪ জন পর্যটক আটকা পড়েছিলেন। পরে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক উদ্ধার অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল-ফয়সাল এবং জেলা পর্যটন সেলের সহকারী কমিশনার এস এম হাসান শাহরিয়ার জানান, গত তিন দিন ধরে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। বন্যার পানি নেমে গেছে এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামত শেষ হওয়ায় পর্যটকদের যাতায়াত এখন স্বাভাবিক হয়েছে।
অন্যদিকে, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ধসে দেবতাখুমের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী মঙ্গলবার পর্যন্ত সেখানে ভ্রমণ বন্ধ থাকবে।
পর্যটকদের ভ্রমণের সময় প্রশাসনের সব ধরনের নিরাপত্তা নির্দেশনা ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
মতামত দিন