অস্ট্রেলিয়ার পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আজহায় আলোচিত বাংলা সিনেমা ‘বনলতা সেন’। দেশটির পাঁচটি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
সিনেমাটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানান, দেশের দর্শকদের ভালোবাসা এবং আন্তর্জাতিক দর্শকদের আগ্রহের কারণেই এবার অস্ট্রেলিয়ায় মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “দেশে ‘বনলতা সেন’ যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে মুক্তির অনুরোধ আসছিল। সেই চাহিদা থেকেই পাঁচটি শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, শিগগিরই অস্ট্রেলিয়ার হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে। পাশাপাশি পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং তার কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। এটি ২০২১–২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত একটি চলচ্চিত্র।
গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি বর্তমানে বিভিন্ন হলে প্রদর্শিত হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে বলে আশা করছেন নির্মাতারা।
সিনেমাটিতে ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাশার।
এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজসহ আরও অনেকে।

মতামত দিন