হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিলেও মানুষ শুনবে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিলেও মানুষ চাইলে তা শুনতে পারবে। কারণ এখন আর গণমাধ্যম শুধু টেলিভিশন চ্যানেলে সীমাবদ্ধ নয়, সবার হাতেই এখন গণমাধ্যম রয়েছে।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গণমাধ্যম মানেই এখন শুধু ২৬টি টেলিভিশন চ্যানেল নয়। এখন সবার হাতেই গণমাধ্যম। যারা শেখ হাসিনার বক্তব্য শুনতে চান, তারা শুনবেন। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ করা সম্ভব নয়। শেখ হাসিনার শাসনামলেও আমরা দেখেছি, আদালতের আদেশে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। যদি সেটি গণতন্ত্র না হয়ে থাকে, তাহলে এখন কীভাবে এটিকে গণতন্ত্র বলা যায়?
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের একজন নাগরিক। দেশের রাজনীতিতে তার পরিবারের দীর্ঘ অবদান রয়েছে। তার পরিবারের সদস্যরা গণহত্যার শিকার হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগই ছিল প্রধান রাজনৈতিক দল। এসব বিষয় এবং তার বয়স বিবেচনায় আমার সাধারণ বোধ বলে, তিনি বাংলাদেশে ফিরবেন। যদি তিনি না ফেরেন, তাহলে তার দল এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ কী হবে?
মঙ্গলবার ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থারই প্রতিফলন। একই সঙ্গে এটি প্রমাণ করে রাজনৈতিক দলগুলো তাদের ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং দেশ আবারও পুরোনো ধারার রাজনীতিতে ফিরে যাচ্ছে।
এদিকে সরাইল উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি অনুষ্ঠানটি বর্জন করে। এ বিষয়ে তিনি বলেন, বিএনপিকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে, জনগণ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এই কঠিন সত্য বিএনপিকে স্বীকার করতেই হবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
মতামত দিন