সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি ঘোষণা করে। দুর্গাপূজা উপলক্ষে সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সংগঠন দুটি।
সংগঠন দুটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে অবরোধ স্থগিত করা হয়েছে। তবে সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসন তাদের তিন দফা দাবি পূরণ না করলে দুর্গাপূজার পর আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে যথাসময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে সাজেক সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সংগঠন দুটি। অবরোধের কারণে খাগড়াছড়ির দীঘিনালার জোড়াব্রিজ থেকে সাজেক ভ্যালি ও আশপাশের অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মতামত দিন