বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ইতোমধ্যে জেলা থেকে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই এসব ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, আমরা বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করব। ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।
তিনি জানান, এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮১ জন নারী।
নির্বাচন কমিশনার আরও বলেন, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ। এর মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।
নির্বাচন পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, নির্বাচনে দেশীয় পর্যবেক্ষক থাকবেন ৪৫ হাজার ৩১৩ জন এবং বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৩৫০ জন। এছাড়া বিদেশি সাংবাদিক হিসেবে নিবন্ধন করেছেন ১৫৬ জন।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন ৯ লাখ ৫৮ হাজার সদস্যের আইনশৃঙ্খলা বাহিনী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে