ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকদের তালিকায় চমক ভোজিনহার
২০২৬ সালের ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের পুরস্কারের মনোনয়ন তালিকায় বড় চমক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন থিবো কোর্তোয়া, ইয়াসিন বুনু, এমিলিয়ানো মার্তিনেজ, ডেভিড রায়াসহ ইউরোপ ও বিশ্বের শীর্ষ গোলরক্ষকেরা।
বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই ভোজিনহার এই মনোনয়নকে দেখা হচ্ছে। দেশটির ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে গোলবারের নিচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ক্লাব ফুটবলে জিডি শাভেস ও কোলো-কোলোর হয়ে খেলেছেন এই গোলরক্ষক।
গতবারের সেরা গোলরক্ষকের পুরস্কারজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা এবার মনোনয়ন পাননি। তবে পিএসজির গোলরক্ষক মাতেভেই সাফোনভ জায়গা করে নিয়েছেন তালিকায়।
সেরা গোলরক্ষকের ১০ জনের তালিকায় ভোজিনহা ছাড়াও রয়েছেন মরক্কোর ইয়াসিন বুনু, বেলজিয়ামের থিবো কোর্তোয়া, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, স্পেনের হোয়ান গার্সিয়া, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, সেনেগালের এদুয়ার্দ মেন্দি, স্পেনের ডেভিড রায়া ও উনাই সিমোন এবং রাশিয়ার মাতেভেই সাফোনভ।
আর্সেনালের ডেভিড রায়ার মনোনয়নও উল্লেখযোগ্য। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে তাঁর পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে নারী গোলরক্ষকদের সেরা পাঁচের তালিকায় রয়েছেন অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, হানা হ্যাম্পটন, লোরেনা ও আয়াকা ইয়ামাশিতা।
মতামত দিন