ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে কারা?
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ব্যালন ডি’অর। বিশ্বকাপের বছরে ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াইয়ে জাতীয় দলের পারফরম্যান্স বড় ভূমিকা রাখে। তবে এবার স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হলেও কোনো একক ফুটবলারকে নিরঙ্কুশ ফেবারিট বলা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে ক্রীড়া সম্প্রচারমাধ্যম ডিএজেডএন প্রকাশ করেছে ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য পাঁচ দাবিদারের তালিকা।
১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)
ডিএজেডএনের তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপ জিততে না পারলেও পুরো মৌসুমে ছিলেন দুর্দান্ত ধারাবাহিক। বিশ্বকাপে ছয় গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে ৭০ গোল করেছেন কেইন। পাশাপাশি বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা শিরোপা জিতিয়েছেন। যদিও বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ হয়েছে এবং ইংল্যান্ড বিশ্বকাপে তৃতীয় স্থান পেয়েছে, তবুও পুরো বছরের পারফরম্যান্সের ভিত্তিতে তাকেই এগিয়ে রেখেছে ডিএজেডএন।
২. লামিন ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)
হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে খেলতে নামলেও স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তরুণ তারকা লামিন ইয়ামাল।
বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের পথে অসাধারণ নৈপুণ্য দেখানোর পাশাপাশি বিশ্বকাপেও ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেন তিনি। বিশ্লেষকদের মতে, টুর্নামেন্টের শেষ ভাগেও যদি ক্লাবের মতো একই আধিপত্য দেখাতে পারতেন, তাহলে তিনিই হতেন সবচেয়ে বড় দাবিদার।
৩. রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন)
ক্লাব পর্যায়ে কিছুটা ছন্দ হারালেও স্পেনের হয়ে আবারও নিজের গুরুত্ব প্রমাণ করেছেন রদ্রি। মাঝমাঠ নিয়ন্ত্রণ করে দলকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন তিনি।
বিশ্বকাপে এই ব্যক্তিগত স্বীকৃতি ব্যালন ডি’অর ভোটে বড় প্রভাব ফেলে। তাই শক্তিশালী দাবিদারদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার।
৪. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেছেন তিনি।
তবে দলীয় সাফল্যের অভাব তার সম্ভাবনাকে কিছুটা ক্ষুণ্ন করেছে। রিয়াল মাদ্রিদ লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ—কোনোটিই জিততে পারেনি। অন্যদিকে ফ্রান্সও বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নেয়। ফলে দুর্দান্ত ব্যক্তিগত পরিসংখ্যান থাকলেও তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে।
৫. লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা)
৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা ছিলেন লিওনেল মেসি। পুরো বিশ্বকাপে তিনি করেছেন আট গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
তবে ফাইনালে স্পেনের বিপক্ষে নিজের সেরা খেলাটা খেলতে পারেননি তিনি। এছাড়া ইউরোপের বাইরে ইন্টার মায়ামির হয়ে খেলা ব্যালন ডি’অরের ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই দুর্দান্ত বিশ্বকাপ কাটালেও এবার রেকর্ড নবম ব্যালন ডি’অর জেতা মেসির জন্য কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন