নরসিংদীতে গুদামঘরে আটকে বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরায় এক বেকারি শ্রমিককে গুদামঘরে আটকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নাসির মিয়া (২২) উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নাসির বাজারে গেলে কয়েকজন তাকে একটি গুদামঘরে আটকে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম জানান, নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে এক ব্যক্তি ফোন করে তাদের জানান, বাজারে কয়েকজন মিলে নাসিরকে মারধর করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তারা তাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, কী কারণে নাসিরকে মারধর করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন