কর ফাঁকি দেয়া স্বর্ণ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাজুস
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার জানিয়েছে, কর ফাঁকি দেয়া স্বর্ণ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক চিঠিতে উল্লেখ করেন, দেশের সব স্বর্ণ ব্যবসায়ী কর ও ভ্যাট পরিশোধ করলে রাজস্ব আয় কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে।
চিঠিতে বলা হয়, জুয়েলারি ব্যবসায় সমতা আনয়ন ও সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মূসক নিবন্ধনবিহীন জুয়েলারি প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আনা একান্ত অপরিহার্য।
বর্তমানে দেশে প্রায় ৪০ হাজার স্বর্ণের দোকানের মধ্যে মাত্র ৮ হাজার দোকান ভ্যাট নেটওয়ার্কের আওতায় রয়েছে। অর্থাৎ ৩২ হাজার দোকান এখনো ভ্যাট নিবন্ধন ছাড়া পরিচালিত হচ্ছে যা কার্যত ভোক্তাদের পরিশোধিত পরোক্ষ কর ফাঁকি দেয়ার শামিল।
রাজস্ব বোর্ড দেশের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের বিক্রয় পর্যবেক্ষণের জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা বিক্রয় ডাটা নিয়ন্ত্রক ইনস্টল করার উদ্যোগ নেয়ার পর এ বিষয়টি আলোচনার কেন্দ্রে এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে