Views Bangladesh Logo

তেজাবি সোনার দরবৃদ্ধি: ভরিতে বাড়ল ১, ১০৮ টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারে আবারও সব ধরনের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয়। ঘোষিত নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা অনুযায়ী লেনদেন চলবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।

বাজুস স্পষ্ট করেছে যে, সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে প্রয়োজনীয় ভ্যাট ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কেনাকাটার সময় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে গয়নার নকশা ও গড়ন ভেদে নির্ধারিত মজুরি অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। এ ছাড়া অলঙ্কার বিনিময় বা ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার যে নিয়ম বাজুসে আগে থেকে চালু রয়েছে, তা যথারীতি বহাল থাকবে।

এর আগে গত ৮ আগস্ট সর্বশেষ সোনার দাম বাড়িয়েছিল সংগঠনটি। সে সময় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায় বিক্রি হচ্ছিল।

বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১০১ বার সোনার দাম পরিবর্তন ও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫০ বার দাম বৃদ্ধি পেয়েছে, ৫০ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাটের হার সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দর সমন্বয় করে বাজুস, যার মধ্যে ৬৪ বার বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ