বৈশাখী টেলিভিশনের ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম গ্রেফতার
বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাঁকে ঘিরে রাখে। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি।
এর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে টেলিভিশনটির এক সাংবাদিক কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভে এসে সহকর্মীদের উদ্ধারের আকুতি জানান।
বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত ওই লাইভে সাংবাদিক জানান, একদল লোক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তাঁরা নিচে নামতে পারছেন না এবং ভবনের ভেতরে আটকা পড়েছেন।
লাইভে তিনি বলেন, তাঁরা বাধ্য হয়ে ছাদ থেকে সম্প্রচার করছেন। তাঁদের একজন সহকর্মীকে মারধর করা হয়েছে। হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন এবং লিফট বন্ধ করে রেখেছেন। এ ছাড়া দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
বৈশাখী টেলিভিশনের এক কর্মী লাইভে জানান, প্রতিষ্ঠানটির ডিএমডি টিপু আলম মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাঁকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।
তিনি বলেন, নিচে এখনও হামলাকারীরা অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন।
পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এ সময় সাংবাদিকেরা আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার কথাও জানান। নিরাপত্তার কারণে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করেননি তাঁরা।
লাইভের শেষ দিকে এক সাংবাদিক বলেন, “আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদের, বৈশাখী টেলিভিশনকে বাঁচান।”
মতামত দিন