Views Bangladesh Logo

বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ২২ আসামির বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দাখিল করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এছাড়া গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ মে দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী জানান, ২২ আসামির মধ্যে ৯ জন আদালতে হাজির ছিলেন। বাকি ১৩ জন অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে রয়েছেন বিভিন্ন রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা হলেন— মো. রমজানুল হক নিহাদ, ইকবাল হোসেন কাউসার, লতিফুর নেহার, খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, অঞ্জন কুমার সাহা, মো. মুসফিকুর রহমান, জগলুল হাসান, আশিকুর রহমান, হোসাইন মোহাম্মদ তারেক, রাসেল আহম্মেদ, মো. সাদরিল আহম্মেদ শুভ, আদিব আলম, রাফি উজ-জাহেদ ও শাহ ফয়সাল নাবিদ। অন্য আসামিরা জামিনে রয়েছেন।

এর আগে গত ২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক শাহ জালাল মুন্সী আদালতে ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি বিধিনিষেধ অমান্য করে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসা পরিচালনা করেন। তারা ভবনের ভেতরে অনিয়মিতভাবে গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রিক ওভেন ব্যবহার করতেন, যা অগ্নিকাণ্ডের বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে সাততলা গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ভয়াবহ ওই ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে তিনজন সম্পূর্ণরূপে আগুনে পুড়ে মারা যান।

ঘটনার পর রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ