বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার ভবনের ভূগর্ভস্থ তলায় (বেসমেন্ট) লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। আগুন লাগার পর ভবন থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বহুতল এই ভবনের বেসমেন্টে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। যদিও শুরুর দিকে বলা হয়েছিল, ভবনের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ছাদে আটকে পড়া মানুষদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
ক্যাপিটাল সিরাজ সেন্টার ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ নানা ধরনের দোকান রয়েছে। তবে আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। বেশ কয়েকটি রেস্তোরাঁয় খাওয়ার সময় আগুন লাগলে ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান অনেকে। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল।
আজকের অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাজুড়ে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে