Views Bangladesh Logo

ব্রাজিল ম্যাচ বয়কটের ডাক ভারতের সাবেক অধিনায়কের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের বিপক্ষে ভারতের আসন্ন প্রীতি ম্যাচকে ঘিরে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। কলকাতায় আয়োজিত হতে যাওয়া এই প্রদর্শনী ম্যাচে বিপুল অংকের অর্থ অপচয় না করে তা ঘরোয়া ফুটবলের মূল অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগের জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে এক প্রদর্শনী ম্যাচের মোহে না পড়ে সাধারণ ফুটবলপ্রেমীদের ম্যাচটি বয়কট করার স্পষ্ট ডাক দিয়েছেন ভারতীয় ফুটবলের এই আইকন।

আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্বাগতিক ভারতের। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ফুটবলের এই পরাশক্তিকে মাঠে নামাতে এবং হাই-প্রোফাইল ম্যাচটি আয়োজন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে।

সম্প্রতি '৪২০ গ্রামস'-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের স্পষ্ট অবস্থান ব্যক্ত করে বাইচুং ভুটিয়া বলেন, ‘ব্রাজিলের ওই ম্যাচ বয়কট করুন। আমার মনে হয়, সেটাই হবে বড় একটি বার্তা। তখন প্রত্যেক আয়োজক ও ফেডারেশন দুবার ভাববে। এই অর্থ ভারতীয় ফুটবলের অবকাঠামো ও খেলোয়াড় তৈরিতে বিনিয়োগ করা হলে দীর্ঘমেয়াদে বেশি সুফল পাওয়া সম্ভব।’


একইভাবে পশ্চিমবঙ্গ সরকারকেও অনুরোধ জানিয়ে ভুটিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার যদি এই ম্যাচের জন্য অর্থ দেয় বা অর্থ সংগ্রহের চেষ্টা করে, তাহলে দয়া করে সেই অর্থ ব্যয় করুন, যাতে কমনওয়েলথ গেমসে পশ্চিমবঙ্গ পরবর্তী সময়ে আরও কয়েকটি স্বর্ণপদক জিততে পারে।’

অর্থনৈতিক হিসাব টেনে সাবেক এই অধিনায়ক বলেন, ‘যখন আপনার কাছে ৩০ কোটি রুপি আছে, সেটি পরবর্তী চার বছরে বিনিয়োগ করুন, যাতে কমনওয়েলথ গেমসে ১০টি পদক জেতা যায়। আমরা এখানে অলিম্পিক আয়োজনের চেষ্টা করছি। চেষ্টা করুন, পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা যেন অলিম্পিকে গিয়ে পদক জিততে পারেন। অথবা ৩০ কোটি রুপি দিয়ে ১০০টি ফুটসাল মাঠ তৈরি করুন—সাতজনের খেলার ফুটসাল মাঠ। বিভিন্ন এলাকায় ১০০টি মাঠ তৈরি করা সম্ভব। অর্থটা যথাযথভাবে ব্যবহার করুন। একটি ৯০ মিনিটের ম্যাচে সব টাকা খরচ করে ফেলবেন না।’

ব্রাজিল দলকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হওয়ার বিষয়টি মেনে নিয়েও ভুটিয়া সতর্ক করেন। তার মতে, ‘ম্যাচটি হলে সবাই রোমাঞ্চিত হবে, দর্শকেরা আসবেন, গণমাধ্যম থাকবে, সরকারও খুশি হবে। কিন্তু ম্যাচটি হয়ে যাওয়ার পর আপনার টাকা শেষ, আর আপনার ফুটবল ২০ বছর পিছিয়ে থাকবে।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ