বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের উপস্থিত থেকে ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৭১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৭৫৮ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ দলের ফ্লাইট লেফটেন্যান্ট মো. শামস তাবরীজ রাইফেল ফায়ারিং এ ১৪৭ এবং পিস্তল ফায়ারিং এ ১১৮ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, ২ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে