রূপপুর বিদ্যুৎকেন্দ্র পেল পারমাণবিক জ্বালানি লোডিংয়ের অনুমতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ জ্বালানি লোডিং অপারেশনের জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বায়েরার কর্মকর্তারা জানান, জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিস্তারিত পর্যালোচনা ও মনিটরিংয়ের পর এই লাইসেন্স প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান।
এই অনুমোদনের মাধ্যমে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে চলেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিট-১-এ জ্বালানি লোডিং প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন এপ্রিলের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। জ্বালানি লোডিং শুরু হওয়ার তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এরপর পরীক্ষা-নিরীক্ষা ও সক্ষমতা বৃদ্ধির কাজ চলবে। লক্ষ্য হলো ডিসেম্বরের মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে গ্রিডে যুক্ত করা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা বলেন, এই অগ্রগতি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের দিকে একটি বড় পদক্ষেপ।
লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে রূপপুর প্রকল্প এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন