২০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, দাদির অভিযোগে উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শিশুটির দাদির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হাটহাজারী উপজেলা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিব (১৮) ও একই এলাকার রোকনা বেগমের (১৮) সংসারে গত ২০ জুন একটি কন্যাশিশুর জন্ম হয়। কিছুদিন পর সন্তানকে নিয়ে রোকনা বাবার বাড়িতে বেড়াতে যান।
শিশুটির দাদি ফিরোজা বেগমের অভিযোগ, গত ২৭ জুলাই তাদের জানানো হয় যে নবজাতকটি মারা গেছে এবং ইতোমধ্যে দাফনও করা হয়েছে। তবে পরদিন তিনি মেয়ের বাবার বাড়িতে গিয়ে শিশুটির কবর দেখতে চাইলে পরিবারের সদস্যরা কোনো সদুত্তর দিতে পারেননি। কবরও দেখাতে না পারায় তার সন্দেহ হয় এবং তিনি বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে তারা জানতে পারে, শিশুটিকে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকার একটি নিঃসন্তান পরিবারের কাছে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রোববার (২ আগস্ট) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নবজাতকটিকে তার মা ও বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে কী পরিস্থিতিতে অন্য পরিবারের কাছে দেওয়া হয়েছিল এবং এর পেছনে অর্থ লেনদেন বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন