প্রথম বাংলাদেশি হিসেবে পর্বতশৃঙ্গ মাকালু জয় করলেন বাবর আলী
বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো এক নতুন গৌরবগাথা। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় লাল-সবুজের পতাকা উড়িয়েছেন পর্বতারোহী বাবর আলী। বাংলাদেশ সময় শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম পর্বতশৃঙ্গ জয় করেন তিনি।
টানা সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহণ শেষে বাবর আলী মাকালুর শীর্ষে পৌঁছান। এর মাধ্যমে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে পাঁচটি জয় করার অনন্য রেকর্ড গড়লেন তিনি। প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন বাবর। অভিযানকালে চূড়ায় তাঁর সঙ্গে ছিলেন শেরপা আং কামি।
অভিযান-সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ায় সফলভাবে পৌঁছানোর খবর নিশ্চিত হলেও বাবর আলী এখনো বেসক্যাম্পে ফেরার পথে রয়েছেন। তাঁদের মতে, “পর্বতারোহণে শীর্ষ জয় যতটা কঠিন, নিরাপদে নিচে নেমে আসাও ততটাই ঝুঁকিপূর্ণ।” তাই তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন সহযাত্রীরা।
নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত। পিরামিড আকৃতির এই সূচালো পর্বতে প্রবল বাতাসের কারণে বরফ সরে গিয়ে অনেক সময় চূড়ার কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়ে ওঠে। বাবর আলীর এবারের অভিযানের শিরোনাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’।
বাবর আলীর আগের অর্জনগুলোও পর্বত অভিযানের ইতিহাসে সমান ঈর্ষণীয়। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কারিগরিভাবে অত্যন্ত কঠিন পর্বত ‘আমা দাবালাম’ জয় করেন। এরপর ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে আরোহণ করে ইতিহাস গড়েন তিনি। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি অন্নপূর্ণা-১ জয় করেন এবং একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু আরোহণের অনন্য কৃতিত্ব প্রদর্শন করেন।
বাবর আলীর এবারের পর্বত অভিযানের আয়োজন করেছে ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশনী। তাঁর এই সাফল্যে দেশের পর্বতারোহণ অঙ্গনে বইছে আনন্দের জোয়ার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে