অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার (১৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাবরের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
প্রসঙ্গত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। তার গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা করা হয়।
অস্ত্র মামলার বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন বিশেষ ট্রাইব্যুনাল আদালত। তবে রায়ের বিরুদ্ধে ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন বাবর। সেই আপিলের শুনানি শেষে রায়ের জন্য বুধবার দিন ধার্য করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে