Views Bangladesh Logo

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান

 VB  Desk

ভিবি ডেস্ক

সম্পদের পরিমাণ কমে যাওয়ায় ফোর্বসের ২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ২০১৮ সালে প্রথমবার এই তালিকায় জায়গা পাওয়ার পর টানা কয়েক বছর তালিকায় ছিলেন তিনি। তবে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জনের তালিকা থেকে বাদ পড়লেও ফোর্বসের পৃথক বৈশ্বিক বিলিয়নিয়ার তালিকায় এখনও তার নাম রয়েছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে আজিজ খানের আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ১১০ কোটি ডলার। এবার তা কমে দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি ডলারে। ফলে ২০২৬ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় জায়গা পাওয়ার সর্বনিম্ন সীমার কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত তালিকায় তার নাম ওঠেনি। গত বছর ১১০ কোটি ডলার সম্পদ নিয়ে তিনি ৪৯তম অবস্থানে ছিলেন।

বাংলাদেশে জন্ম নেওয়া আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক ও সেখানেই বসবাস করেন। ফোর্বসের প্রোফাইল অনুযায়ী, তার ব্যবসায়িক সাম্রাজ্য সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে এবং এসব ব্যবসার মূল কার্যক্রম বাংলাদেশকেন্দ্রিক।

ফোর্বসের ২০২৬ সালের তালিকায় সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনী ব্যক্তি ও পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ গত বছরের মতোই ২৩৯ বিলিয়ন ডলারে রয়েছে। তালিকায় জায়গা পেতে এবারও ন্যূনতম ১০০ কোটি ডলারের সম্পদ প্রয়োজন হয়েছে। ফোর্বস জানিয়েছে, ২০২৬ সালের হিসাব তৈরিতে শেয়ার মালিকানা, আর্থিক তথ্য, শেয়ারবাজারের দর ও বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে। সম্পদের হিসাবের ক্ষেত্রে ১৪ আগস্ট ২০২৬ সালের বাজারদর ব্যবহার করা হয়েছে।

এবারও সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। তার সম্পদের পরিমাণ ৩২৯০ কোটি ডলার। এ নিয়ে টানা চতুর্থবার তালিকার শীর্ষে রয়েছেন তিনি। ১৬১০ কোটি ডলার নিয়ে কেক লেং বেং ও তার পরিবার দ্বিতীয় এবং ১৪৩০ কোটি ডলার নিয়ে রবার্ট ও ফিলিপ এনজি তৃতীয় অবস্থানে রয়েছেন।

ফোর্বসের বর্তমান প্রোফাইলে আজিজ খানের সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার হিসেবে দেখানো হয়েছে। ফলে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়লেও তিনি এখনও বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকায় অবস্থান করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ