Views Bangladesh Logo

কক্সবাজারে আওয়ামী লীগের ‘গোপন সমাবেশ’, ১১৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় গোপন সমাবেশ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার কুতুপালং বাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের বাড়িতে নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দাবি করে, সেখানে উপস্থিত ব্যক্তিরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনা করছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন বড়ুয়া (৪২) এবং আবু নাসের মোহাম্মদ ইমরানকে (২৪) আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহসভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের মোট ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ওই সমাবেশের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ