পিলখানা হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের দাবি উঠেছে। তিনি বলেন, ২০০৯ সালের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কমিশন নয়। সেই কমিটির কোনো প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, “আমরা কথা দিচ্ছি, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো বিষয়টি বিবেচনা করতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অংশগুলো প্রকাশ করা প্রয়োজন, সেগুলো প্রকাশের ব্যবস্থা করা যেতে পারে।” পিলখানা ঘটনা সাধারণ কোনো ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে এবং জাতীয় শহীদ সেনা দিবস ‘সি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নীত করা যায় কি না, তা পর্যালোচনা করা হবে।
তদন্ত কমিশনের প্রতিবেদনের প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর শীর্ষ নেতৃত্ব এ ষড়যন্ত্রে জড়িত ছিল। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী এমন কর্মকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, হত্যাকারীদের সমর্থনে মিছিল করা, খাদ্য সরবরাহ এবং পালাতে সহায়তা করা—এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের কিছু কর্মী ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে