গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ জেলা শহরে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে মিছিল করেছেন। এ সময় শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ভেঙে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বেলা ১১টা থেকে সদর উপজেলার আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন।
শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হয়ে বেলা ১২টার দিকে নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা প্রদক্ষিণ করে।
একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন তারা। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীকেও অংশ নিতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তাদের ভাষ্য, মিছিল চলাকালে শহরের ‘এফএনএফ’ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালানো হয়।
এদিকে আন্দোলনকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে ‘জয় বাংলা চত্বর’ পুনঃস্থাপন করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ নামসংবলিত ব্যানার টানিয়ে দেন। পরে মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন তারা।
এ ছাড়া শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। শহরের পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করেও আগুন জ্বালানো হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান ও সহসভাপতি সামসুল হক।
কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। শহরের লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।
তবে কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
মিছিল ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানপাট বন্ধ হয়ে যায়।
বেলা দেড়টা থেকে ২টার মধ্যে মিছিলকারীরা শহর ছেড়ে চলে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এরপর কিছু দোকানপাট খুলতে শুরু করে। রিকশা-ভ্যান চলাচলও স্বাভাবিক হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মতামত দিন