কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সদরপুর বাজারে একটি তামাকের গুদামে বসে ছিলেন আজম। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড গুলির খোসা ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যা দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পেছনের কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে