বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে জমি ও গোচারণভূমি নিয়ে বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়ার চরের নান্টুর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। তিনি কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুরিয়ার চরের জমি ও গোচারণভূমি নিয়ে স্থানীয়দের সঙ্গে মোখলেছুর রহমানের দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাকুরিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নান্টুর মোড় এলাকায় প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, চরের জমি নিয়ে পূর্ববিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন