হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা
কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শাহাদাত নবী। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তবে পুলিশ জানিয়েছে, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন।
সোমবার ভোর ৪টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান শাহাদাত নবী। এর মধ্যে বেলা আড়াইটার দিকে চন্দনাইশ পৌরসভার একটি মসজিদে বাদ জোহর বাবার জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে নিয়ে বাবার দাফন সম্পন্ন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে চন্দনাইশের একটি হাসপাতালে মারা যান শাহাদাত নবীর বাবা নুরুনবী সওদাগর (৮৮)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন মিয়া বলেন, বাবার মৃত্যুর পর শাহাদাত নবী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট তাঁকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।
শাহাদাত নবীর চাচা নুরুল আলম জানান, পুলিশ পাহারায় সোমবার বেলা দেড়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে চন্দনাইশে নিয়ে আসা হয়। বেলা দুইটার দিকে হাতকড়া পরা অবস্থায় তিনি বাবার জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে বাবার দাফন সম্পন্ন করা হয়।
নুরুল আলম আরও জানান, গত বছরের ১২ আগস্ট ঢাকার পল্টন এলাকা থেকে শাহাদাত নবীকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ জানায়, শাহাদাত নবীর বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় তিনটি মামলা রয়েছে। জানাজা ও দাফন শেষে সোমবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে পুলিশ পাহারায় তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
মতামত দিন