আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থি আইনজীবীদের মানববন্ধন, বিএনপিপন্থিদের বাধা
অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা। তবে বিএনপিপন্থি আইনজীবীদের বাধার মুখে মানববন্ধনকারীদের সরে যেতে হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আদালত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
ঢাকা বার সাধারণ আইনজীবী ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান।
মানববন্ধন চলাকালে দুর্নীতির মামলায় মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে আসা জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে মানববন্ধনে যোগ দিতে আহ্বান জানানো হয়। পরে আদালতে হাজিরা শেষে সংহতি প্রকাশ করে তিনি কিছু সময় মানববন্ধনে দাঁড়িয়ে থেকে চলে যান।
মানববন্ধন শেষে কয়েকটি দলে বিভক্ত হয়ে আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন আওয়ামীপন্থি আইনজীবীরা। এ সময় বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী এসে তাদের মানববন্ধন না করে চলে যেতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং আওয়ামীপন্থি কয়েকজন আইনজীবীকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা আদালত এলাকা থেকে সরে যান।
এ বিষয়ে বিএনপিপন্থি আইনজীবী জাকির হাসান জুয়েল অভিযোগ করেন, ‘আওয়ামীপন্থি কিছু আইনজীবী আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম চালাচ্ছেন। আগের দিন সিজেএম আদালতের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে এবং শেখ হাসিনাকে খুশি করতেই আদালত এলাকায় এমন পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।’
অন্যদিকে আওয়ামীপন্থি আইনজীবী ওবায়দুল ইসলাম বলেন, হাম টিকার গাফিলতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছি। কয়েকজন এসে ধস্তাধস্তি করলেও সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়নি। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ নয়, যে কেউ দিতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে