নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: কাদের
নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান মেনেই আমরা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা আসবে কেন ? কোনো নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ নেই।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসরাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। নিষেধাজ্ঞা আসলে বিএনপির বিরুদ্ধে আসবে। বিএনপিই নির্বাচনের পথে প্রধান অন্তরায়। তাদের বিরুদ্ধে এখনও কেন নিষেধাজ্ঞা আসছে না?
এ সময় জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, যা হবার ১৭ তারিখের আগে হবে। এরপর আর এ সমস্যা থাকবে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে মনোনয়ন বাতিলের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো চাপ নেই। নির্বাচন কমিশন তার আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। দেশের বিচার ব্যবস্থাও স্বাধীন। আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্তে বাধা দেবে না। এবার ভোটার উপস্থিতি আরও ভালো হবে।’
এ ছাড়াও ওবায়দুল কাদের বলেন, পোশাক খাতের শ্রমিকদের নিজেদের স্বার্থে ব্যবহারের পায়তারা আছে। দেশেও আছে, বিদেশেও আছে। পোশাক খাতের স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এ খাতের শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বর্তমান সরকার আন্তরিক। পরবর্তীতেও এ সরকার ক্ষমতায় আসলে সংসদে নতুন শ্রম আইন প্রণয়নে ব্যবস্থা নেবে। এ নিয়ে পানি ঘোলা করার দরকার নেই। যারা করছেন নিজেদের স্বার্থ উদ্ধারে করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে