আওয়ামী লীগ একাত্তরকে পুঁজি করে ধর্মীয় নেতাদের ফাঁসি দিয়েছে: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার ১৯৭১ সালের যুদ্ধকে পুঁজি করে ইসলাম ধর্মীয় নেতাদের ফাঁসি দিয়েছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৯৭১ সালের নাম নিয়ে নানা অজুহাত সৃষ্টি করে শত শত মানুষকে হত্যা করেছে। যারা ১৯৭১ সালের ঘটনাকে ব্যবহার করেছে, তাদের বিচারের মুখোমুখি করা দরকার।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ‘মায়ের ডাক’ সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশের [মুসলিম] আলেমদের একটি বিতর্কিত বিচারের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে। বিশ্বে কোনো শক্তি নেই, যা আমাদের রাস্তায় দাঁড়ানো থেকে সরাতে পারবে, যতক্ষণ না এর বিচার হয়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা যেন জেল থেকে বেরিয়ে তাদের শ্বশুরবাড়ি বেড়াতে আসছেন। আমরা তথ্য পেয়েছি যে ক্যান্টনমেন্ট এবং কারাগারে রাতে ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয়।’ তিনি বলেন, ‘প্রশাসন ও পুলিশের সব স্তরে ফ্যাসিবাদ বেড়ে চলেছে। ফ্যাসিবাদ সর্বত্র বন্ধ করতে হবে।’
জুলাই অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেছে। আমরা বলতে চাই, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিক মঞ্চে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা আপনাদের বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত করবে।’
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে কোনো দাসত্বপূর্ণ সম্পর্ক থাকবে না। আমাদের সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে।’
ভারতের ‘ষড়যন্ত্র’ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘ভারত চেয়েছিল আমরা সংখ্যালঘুদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ি। হিন্দু বা বৌদ্ধ কেউ সংখ্যালঘু নয়, যারা বাংলাদেশের বিরুদ্ধে তারাই সংখ্যালঘু।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে