সিলেটে অটোরিকশার যাত্রীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
সিলেটের বিশ্বনাথ উপজেলায় অটোরিকশায় যাতায়াতের সময় এক নারীকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) ভুক্তভোগী নারী চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তি গয়াছ মিয়া ওরফে গেদা (৪৪)। তিনি উপজেলার হায়াতেরগাঁও গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার চণ্ডীপুর এলাকা থেকে ছাতকের উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, চালক সাইদুর রহমান তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে কৌশলে আলমনগর গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকে থাকা কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ভুক্তভোগী পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন