Views Bangladesh Logo

গাজীপুরে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে ওঠা ডাকাত দলের ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ডাকাতরা তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকার আকতার স্পিনিং মিলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সুমন মিয়া (২৪) কালিয়াকৈরের সাহেব বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে তিন যুবক যাত্রী সেজে সুমনের অটোরিকশায় ওঠে। রিকশাটি কালামপুর এলাকার নির্জন স্থানে পৌঁছালে তারা সুমনের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় সুমনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দল রিকশাটি রেখে পাশের জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে আলামতসহ অটোরিকশাটি জব্দ করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ছিনতাইয়ের চেষ্টাকালে ডাকাতদের ছুরিকাঘাতে ওই অটোরিকশাচালক নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ