Views Bangladesh Logo

রিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নিতে চালক মোখলেছুর রহমানকে (৫৫) গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

নিহত মোখলেছুর রহমান উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকার একটি বটগাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, মোখলেছুর রহমান শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পুলিশের ধারণা, রাত ৮টা থেকে ১০টার মধ্যে সংঘবদ্ধ দুর্বৃত্তরা রিকশাটি ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করে। পরে তারা রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা রাতের অন্ধকারে বটগাছের নিচে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তিনি আরও বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ