লালবাগে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
ঢাকার লালবাগের আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক আমজাদ হোসেন (৬৮) নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আমজাদ হোসেনের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার জৈনকি গ্রামে। তার বাবার নাম ধলা মিয়া। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ফার্মগেট এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের ছেলে সাকিব জানান, তার বাবা প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তার অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে