Views Bangladesh Logo

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে অটোরিকশাচালকের মৃত্যু

কুমিল্লায় টেলিভিশনে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসর ম্যাচ দেখার সময় তুচ্ছ কথা-কাটাকাটির জেরে মো. শরিফুল ইসলাম (৩৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আর্জেন্টিনা সমর্থক কয়েকজন তরুণের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টার দিকে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় মহসিন মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে প্রায় আট মাস আগে স্ত্রী বিউটি বানু ও দুই মেয়েকে নিয়ে কুমিল্লায় এসে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুষ্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। অটোরিকশা (মিশুক) চালিয়ে চলত পরিবারের একমাত্র উপার্জনকারী শরিফুলের সংসার।

প্রত্যক্ষদর্শীদরা জানান, মঙ্গলবার রাতে মহসিন মিয়ার দোকানে অনেকের সঙ্গে খেলা দেখছিলেন শরিফুল। ওই ম্যাচে তিনি মিসরকে সমর্থন করছিলেন, যদিও তিনি মূলত ব্রাজিলের সমর্থক। ম্যাচের শুরুতে মেসি পেনাল্টি মিস করলে আর্জেন্টিনার এক সমর্থককে ‘খোঁচা’ দিয়ে মন্তব্য করেন শরিফুল। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা বেধে গেলে কয়েকজন তরুণ মিলে সেখানেই তাকে মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে শরিফুল পাশের একটি মেসে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে পেটানো হয়। এরপর দোকানের সামনে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামীর মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন বিউটি বানু। আহাজারি করতে করতে তিনি বলছিলেন, খেলা নিয়ে একটা মানুষকে এভাবে মেরে ফেলা হলো; তার দুই মেয়ে এতিম হয়ে গেল, এখন কাকে বাবা বলে ডাকবে? স্বামীর হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেন তিনি।

শরিফুলের দুই মেয়ে নীলফামারীতে থাকতে পড়াশোনা করত—বড় মেয়ে ষষ্ঠ শ্রেণিতে, ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে। মেয়েদের কুমিল্লার স্কুলে ভর্তি করানোর ইচ্ছা ছিল শরিফুলের; সে আশা আর পূরণ হলো না।

বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে শরিফুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে বিকেল ৫টা পর্যন্ত এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কোনো মামলা হয়নি; কাউকে আটকও করা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক সংকর কান্তি দাস জানান, পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বাদী ঠিক করে মামলা করবেন বলে জানিয়েছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনায় জড়িতরা এলাকার উঠতি বয়সী তরুণ। খেলা চলাকালীন বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শরিফুলের মাথায় কিল-ঘুষি মারা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জড়িতদের ধরার চেষ্টা করছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ওই ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ