বঙ্গোপসাগর থেকে উঠে এল ‘স্বয়ংক্রিয় সামুদ্রিক যান’, জনমনে কৌতূহল
বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এসেছে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু। লাল ও হলুদ রঙের প্রায় আট ফুট দীর্ঘ টর্পেডো আকৃতির যন্ত্রটি দেখতে পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় যানের মতো। এটি উদ্ধারের পর জেলে সম্প্রদায় থেকে শুরু করে প্রশাসন ও গবেষকমহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
রোববার বিকেলে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের একটি ট্রলার বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরছিল। জাল তোলার সময় অস্বাভাবিক ভার অনুভব করেন জেলেরা। ট্রলারের জেলে মিরাজ হোসেন বলেন, ‘প্রথমে মনে হয়েছিল বড় কোনো পাখি মাছ জালে আটকা পড়েছে। পরে জাল তুলে দেখি এটা মাছ নয়, একটা যন্ত্র।’
যন্ত্রটিতে পাখার মতো অংশ ও ভেতরে ইলেকট্রনিক ডিভাইস দেখে অনেকে প্রথমে সামরিক বস্তু মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। সোমবার সকালে পাথরঘাটায় নিয়ে এসে থানায় জানানো হলে পুলিশ যন্ত্রটি হেফাজতে নেয়।
বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, এটি ‘অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল’ (এইউভি) বা স্বয়ংক্রিয় সমুদ্র গবেষণা যান হতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল আজিজ বলেন, ‘প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যন্ত্রটি সচল অবস্থায় ছিল না। সম্ভবত যান্ত্রিক ত্রুটি বা শক্তি হারানোর কারণে স্রোতের টানে উপকূলের দিকে ভেসে এসেছে।’
প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে যন্ত্রটির প্রকৃত পরিচয়, উৎস ও তথ্য সংগ্রহের ধরন জানা যাবে বলে মনে করছেন গবেষকরা। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে