রাতের আঁধারে মজুত করা হচ্ছিল ডিজেল, হাতেনাতে ধরল প্রশাসন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে অবৈধভাবে ডিজেল মজুতের সময় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে সাত হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ডিজেল আজ উন্মুক্ত নিলামের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোজেশ্বর বাজারের ব্যবসায়ী জুয়েল সরদার গতকাল রাতে একটি ট্যাংকলরিতে করে সাত হাজার লিটার ডিজেল মজুতের উদ্দেশ্যে বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস পুলিশ সদস্যদের নিয়ে তাৎক্ষণিক অভিযান চালান। এ সময় জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল আনার কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিজেল জব্দ করা হয়।
সহকারী কমিশনার লাকী দাস জানান, পদ্মা পেট্রোলিয়ামের বরিশাল ডিপো থেকে ট্যাংকলরিতে সাত হাজার লিটার ডিজেল ঝালকাঠির এক ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল। কিন্তু সেই ডিজেল ঝালকাঠিতে না নিয়ে নড়িয়ার জুয়েল সরদার তার প্রতিষ্ঠানে মজুত করছিলেন। জ্বালানি তেল বিক্রির কোনো লাইসেন্স না থাকা এবং দেশে ডিজেল-সংকটের মধ্যে অবৈধ মজুতের অভিযোগে পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ডিজেল নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
ব্যবসায়ী জুয়েল সরদার বলেন, 'কৃষকদের সার, বীজ ও ডিজেল সরবরাহ করাই আমার ব্যবসা। ডিজেল-সংকটের কারণে বরিশাল ডিপো থেকে সাত হাজার লিটার ডিজেল সংগ্রহ করেছিলাম। এই মুহূর্তে এটা করা যাবে না, তা বুঝতে পারিনি।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে