অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী: রাষ্ট্রদূত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার। এ সময় রাষ্ট্রদূত উইজার বলেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর অংশ হিসেবে অস্ট্রিয়ার কোম্পানিগুলোও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
ক্যাথারিনা উইজার নয়াদিল্লির পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (১৮ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি জানান, অস্ট্রিয়া সরকার বাংলাদেশের সংস্কার কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই বাংলাদেশ ভোটের তারিখ নির্ধারণ করবে।
রাষ্ট্রদূত বলেন, বেশ কয়েকটি অস্ট্রিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, যার মধ্যে একটি কোম্পানি ঢাকার উপকণ্ঠে একটি কারিগরি স্কুল স্থাপন করতে চায়; কিন্তু অস্ট্রিয়ান আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প ঋণ পেতে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে তাদের কিছু সহযোগিতার প্রয়োজন বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই বিষয়টি খতিয়ে দেখতে বলেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে বাংলাদেশের সন্ত্রাস দমন ব্যবস্থা, আন্তঃসীমান্ত সমস্যা, মানব পাচার, আইনি অভিবাসন, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সংস্কার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার বলেন, আইনি প্রক্রিয়ায় অভিবাসনের জন্য অস্ট্রিয়ার একটি দীর্ঘমেয়াদি নীতি রয়েছে। বাংলাদেশিরা পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে ষষ্ঠ বৃহত্তম অভিবাসী সম্প্রদায় বলেও উল্লেখ করেন তিনি।
ড. ইউনূস বলেন, অস্ট্রিয়ার উচিত আরও বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ায় অভিবাসনের ব্যবস্থা করা। এতে বাংলাদেশ থেকে মানব পাচার বন্ধ হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং অস্ট্রিয়ার অনারারি কনসাল তাসবিরুল ইসলাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে