Views Bangladesh Logo

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে চোটে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার নেসার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই চোটের ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অনুশীলনের সময় কাফে চোট পেয়ে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন পেসার মাইকেল নেসার।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ১৩ সদস্যের মূল দলে নেসারের নাম না থাকলেও প্যাট কামিন্স বা জশ হ্যাজলউডের মতো পেসারদের কেউ চোটে পড়লে বিকল্প হিসেবে তাঁকে বিবেচনা করা হচ্ছিল। তবে নতুন এই চোটে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে।

আগামী ১৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট। এক মাসের পুনর্বাসনের প্রয়োজন হওয়ায় পুরো সিরিজেই নেসারকে পাওয়া যাবে না।

তবে অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর, আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ওই সফরে তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

সবশেষ অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন নেসার। কামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে তিনি ১৯.৯৩ গড়ে ১৫টি উইকেট নেন। গ্যাবায় ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার করার পাশাপাশি মেলবোর্ন ও সিডনি টেস্টে চারটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন নেসার। পরে অ্যাশেজে দারুণ পারফরম্যান্সের সুবাদে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা করে নেন তিনি।

আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার সামনে ২০ থেকে ২১টি টেস্টের ব্যস্ত সূচি রয়েছে। তাই অভিজ্ঞ পেসারদের ওপর চাপ কমাতে এবং পর্যাপ্ত বিকল্প নিশ্চিত করতে পেস বোলিং বিভাগে গভীরতা বাড়ানোর পরিকল্পনা করছে দলটির টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ বা ছয়জনের পেস আক্রমণে নেসারকে রাখার সম্ভাবনাও রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ