প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
মঙ্গলবার (২ জুন) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে হাইকমিশনারের সাথে তিন সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সামরিক–সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর ওপর জোর দেওয়া হয়।
বহুমাত্রিক ও বিস্তৃত যোগাযোগের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর ও সম্প্রসারিত করার গুরুত্ব তুলে ধরেন উভয় পক্ষই। এ ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ সুবিধা, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়গুলো প্রাধান্য পায়। উভয় নেতাই পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ স্তরে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক সংশ্লিষ্টদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতাকে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে