অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের নিবন্ধিত এজেন্টের সেবা নেওয়ার পরামর্শ হাইকমিশনের
অস্ট্রেলিয়া গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের ভুয়া মাইগ্রেশন এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন। নিরাপদ অভিবাসনের জন্য শুধু অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট বা আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) এক সতর্কবার্তায় এ তথ্য জানায় হাইকমিশন।
বার্তায় বলা হয়, কাজের সুযোগ ও স্থায়ীভাবে বসবাসের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একশ্রেণির ভুয়া মাইগ্রেশন এজেন্ট সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এ ধরনের প্রতারণা এড়াতে এবং ভিসা সংক্রান্ত সঠিক পরামর্শ পেতে অস্ট্রেলিয়ায় নিবন্ধিত এজেন্ট (যিনি বাংলাদেশেও কাজ করতে পারেন) অথবা একজন বৈধ অস্ট্রেলীয় আইনজীবীর সহায়তা নেওয়াই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।
হাইকমিশন জানায়, নিবন্ধিত সব অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে একটি কঠোর আচরণবিধি এবং পেশাগত মানদণ্ড মেনে চলতে হয়। নিয়ম অনুযায়ী, তারা সেবার বিনিময়ে কেবল ন্যায্য ও যুক্তিসংগত ফি নিতে পারবেন। এছাড়া, তারা কী ধরনের সেবা দেবেন এবং তার খরচ কত হবে, তা আগেই লিখিতভাবে জানাতে হবে। এমনকি ভিসা আবেদনের যেকোনো ফলাফল সম্পর্কে গ্রাহককে দ্রুততম সময়ের মধ্যে অবহিত করতে তারা বাধ্য থাকেন।
নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের কার্যক্রম ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানতে বাংলায় একটি নির্দেশিকা প্রকাশ করেছে হাইকমিশন। আগ্রহীরা https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf,https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf—এসব লিংকে প্রবেশ করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
মতামত দিন